শলোমনের প্রজ্ঞা
29ঈশ্বর শলোমনকে প্রজ্ঞা ও প্রচুর পরিমাণে অর্ন্তদৃষ্টি এবং সমুদ্রতীরের বালুকণার মতো অগাধ বোধবুদ্ধি দিলেন। 30প্রাচ্যের সব লোকজনের প্রজ্ঞা থেকে, এবং মিশরের সব প্রজ্ঞার তুলনায় শলোমনের প্রজ্ঞা ছিল অসামান্য। 31তিনি অন্য যে কোনো লোকের, এমনকি ইষ্রাহীয় এথনের চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন—মাহোলের ছেলে হেমন, কলকোল ও দর্দার চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন। আর তাঁর সুখ্যাতি পার্শ্ববর্তী সব দেশে ছড়িয়ে পড়েছিল। 32তিনি তিন হাজার প্রবাদবাক্য বললেন এবং এক হাজার পাঁচটি গানও লিখেছিলেন। 33লেবাননের দেবদারু থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব পর্যন্ত সব গাছপালার বিষয়ে তিনি কথা বললেন। এছাড়াও তিনি পশুদের ও পাখিদের, সরীসৃপদের ও মাছেরও বিষয়ে কথা বললেন। 34সব দেশ থেকে সেইসব লোকজন শলোমনের প্রজ্ঞার কথা শুনতে আসত, যাদের পৃথিবীর সেইসব রাজা পাঠাতেন, যারা তাঁর প্রজ্ঞার বিষয়ে খবর পেয়েছিলেন।


