বিল্‌দদ

1পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:

2“তোমাদের এই বক্তৃতা কখন শেষ হবে?

বিচক্ষণ হও, ও পরে আমরা কিছু বলব।

3আমাদের কেন গবাদি পশুর মতো মনে করা হচ্ছে

ও তোমাদের নজরে নির্বুদ্ধি বলে গণ্য করা হচ্ছে?

4রাগের বশে তুমি তো নিজেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছ,

তোমার জন্য কি এই পৃথিবীকে পরিত্যক্ত হতে হবে?

বা পাষাণ-পাথরগুলিকে কি স্বস্থান থেকে সরে যেতে হবে?

5“দুষ্টদের প্রদীপ তো নিবে যায়;

তার আগুনের শিখা নিস্তেজ হয়।

6তার তাঁবুর আলো অন্ধকার হয়ে যায়;

তার পাশে থাকা প্রদীপ নিভে যায়।

7তার পদধ্বনির শব্দ দুর্বল হয়;

তার নিজের ফন্দি তাকে পেড়ে ফেলে।

8তার পা তাকে ধাক্কা মেরে জালে ফেলে দেয়;

সে রাস্তা ভুলে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যায়।

9গোড়ালি ধরে ফাঁদ তাকে আটক করে;

পাশ তাকে জোর করে ধরে রাখে।

10মাটিতে তার জন্য ফাঁস লুকানো থাকে;

তার পথে ফাঁদ পড়ে থাকে।

11সবদিক থেকে আতঙ্ক তাকে ভয় দেখায়

ও তার পায়ে পায়ে চলতে থাকে।

12চরম দুর্দশা তার জন্য বুভুক্ষিত হয়;

সে কখন পড়বে তার জন্য বিপর্যয় ওৎ পেতে থাকে।

13তা তার ত্বকের অংশবিশেষে পচন ধরায়;

মৃত্যুর প্রথমজাত সন্তান তার অঙ্গপ্রত্যঙ্গ গ্রাস করে।

14সে তার তাঁবুর নিরাপদ আশ্রয় থেকে বিচ্ছিন্ন হয়

ও আতঙ্ক-রাজের দিকে তাকে মিছিল করে নিয়ে যাওয়া হয়।

15তার তাঁবুতে আগুন বসবাস করে;

তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হয়।

16মাটির নিচে তার মূল শুকিয়ে যায়

ও উপরে তার শাখাপ্রশাখা নির্জীব হয়।

17পৃথিবী থেকে তার স্মৃতি বিলুপ্ত হয়;

দেশে কেউ তার নাম করে না।

18সে আলো থেকে অন্ধকারের রাজত্বে বিতাড়িত হয়

ও জগৎ থেকেও নির্বাসিত হয়।

19তার স্বজাতীয়দের মধ্যে তার আর কোনও সন্তানসন্ততি বা বংশধর থাকবে না,

ও এক সময় যেখানে সে বসবাস করত, সেখানেও কেউ অবশিষ্ট থাকবে না।

20পাশ্চাত্যের মানুষজন তার এই পরিণতি দেখে হতভম্ব হয়ে যাবে;

প্রাচ্যের লোকজনও ভয়গ্রস্ত হয়ে পড়বে।

21নিঃসন্দেহে এই হল দুষ্টলোকের বসতি;

যারা ঈশ্বরকে জানে না, এই হল তাদের অবস্থানস্থল।”